ফ্লোরিডা উপকূলে নৌ দুর্ঘটনায় নিখোঁজ ৩৯

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০১:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে একটি নৌযান ডুবে নিখোঁজ হয়েছে ৩৯ জন। তাদের সন্ধানে মার্কিন কোস্টগার্ড তল্লাশি অভিযান শুরু করেছে।

চরম ঝুঁকি নিয়ে মানব পাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড বাহিনী এ সব কথা জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করে বার্তা সংস্থা এএফপি।

মিয়ামি কোস্টগার্ড জানায়, ফোর্ট পিয়ার্স ইন্টেলের প্রায় ৪৫ মাইল পূর্বে ডুবে যাওয়া একটি জাহাজের কাছ থেকে একজনকে উদ্ধার করেন এক জেলে। সেই খবর পেয়ে তারা অনুসন্ধানে নামেন।

প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তি জানান, নৌযানটি শনিবার রাতে বাহামাসের বিমিনি ছেড়ে যায়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়।

কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়, প্রাণে রক্ষা পাওয়া ওই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা কোন যাত্রীরই লাইফ জ্যাকেট ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, বিমান ও নৌযানের সাহায্যে নিখোঁজদের সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত