কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়াকে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল বুধবার ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বাবলু মিয়া। তিনি জানান, মহেশখালীতে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলায় উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় মকসুদ মিয়া গতকাল নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর মহেশখালী পৌর এলাকার গোরকঘাটা হিন্দুপাড়া রাস্তার মোড়ে হামলার শিকার হন আমজাদ হোসেন। এ ঘটনায় মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।
গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মকসুদ মিয়া মেয়র নির্বাচিত হন।
