এক তরুণের দুষ্টামিতে অগ্নিদগ্ধ ৪

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২:৫৩ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের কুকসাইর গ্রামে গত মঙ্গলবার রাতে আগুন পোহাতে গিয়ে এক তরুণের দুষ্টামির মাসুল গুনছেন চার যুবক। আগুনে পেট্রল ঢেলে দেওয়ায় দগ্ধ হয় চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে খোকন (৩২), বাহার উদ্দিনের ছেলে আশিক (৩২), রইছ উদ্দিনের ছেলে সোহেল (৩৩) ও রবিন নামে অপর একজন।

জানা যায়, শীত থেকে রক্ষা পেতে কুকসাইর মোড়ে চার যুবক খড় ও কাঠ দিয়ে আগুন পোহাচ্ছিলেন। এসময় একই এলাকার উসমানের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক রফিকুল এসে হঠাৎ করে আগুনে পেট্রল ঢেলে দেন। এতে আগুন তীব্র আকারে ছড়িয়ে পুড়ে যায় খোকন, আশিক, সোহেল ও রবিনের হাত-পা ও মুখমন্ডল। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খোকনকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউপি চেয়ারম্যান ও গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, খামখেয়ালির মাসুল দিচ্ছে চার যুবক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত