কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে উৎকোচ গ্রহণের অভিযোগে জান্নাতুল আক্তার নামে অফিস সহকারীর ড্রয়ারের টাকা ফেসবুকে ভাইরাল হয়েছে।
গণমাধ্যমকর্মী রেজাউল করিম লিখেছেন, 'অবাক হতে হয় মানুষকে জিম্মি করে কী করে এত অমানুষ হয় এসব সরকারি কর্মকর্তারা। একজন মানুষের কত টাকার প্রয়োজন এক জীবনে। এক মাসে কোটি টাকা কীভাবে খরচ করবে? আরো হাজার কোটি টাকা জমিয়ে রেখে মানুষের অভিশাপ নিয়ে কী করে এই ঘুষখোরগণ ভালো থাকেন।
কাওসার শাকিল লেখেন, এরকম ড্রয়ার প্রতিটি জেলায় কতগুলো আছে?
জসিম উদ্দিন মাহির বলেন, ছবিতে দেখছেন ড্রয়ারে টাকা আর টাকা! সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারীর ড্রয়ার এটি। এটা এক দিনের খণ্ড ঘুষের অংকমাত্র। এক দিনে এই ঘুষের পরিমাণ ৩ লাখ ১ হাজার টাকা। এভাবে চলতে যদি থাকে, তবে মাসে তার ঘুষের অবৈধ আয় ৯০ লাখ থেকে এক কোটি টাকা। মানুষকে জিম্মি করে রেজিস্ট্রার অফিসে এসবই হয়। এটি তার খণ্ড চিত্রমাত্র।
খবরে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে উৎকোচ গ্রহণের অভিযোগে জান্নাতুল আক্তার নামে অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার বিকেল সাড়ে ৪টায় আকস্মিক ভাবে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রায় দুই ঘণ্টাকালের রুদ্ধদ্বার অভিযানে তল্লাশি চালিয়ে অফিস সহকারী জান্নাতুল আক্তারের ড্রয়ারে অবৈধ আদায়কৃত উৎকোচের ৩ লাখ ৭১ হাজার ২০০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় অফিস সহকারী জান্নাতুলকে আটক করা হয় বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
কুষ্টিয়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল জানান, দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সরকারি সেবা নিতে টাকা ঘুষ দিতে হয় এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তারের ড্রয়ার থেকে ৩ লাখ ৭১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো ব্যাখ্যা অথবা রশিদ দেখাতে না পারায় অভিযোগের সত্যতা পাওয়া যায়। আমরা জানতে পারি যে ২৬ জানুয়ারি উক্ত অফিসে ২৮৩টি দলিল রেজিস্ট্রেশনের জন্য এই টাকা অবৈধভাবে নেওয়া হয়েছে।
তাই, প্রাথমিকভাবে উদ্ধারকৃত অব্যাখ্যায়িত টাকা ঘুষের অর্থ বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়।
তিনি আরও জানান, আটক জান্নাতুল আক্তারকে (৪৯) দৌলতপুর থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
