টাঙ্গাইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সন্তোষ বাগবাড়ী এলাকার আসবাব ব্যবসায়ী শামছুল হকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সন্তোষ বাজারে এলাকাবাসী ও বাজার কমিটির আয়োজনে শামছুল হক হত্যার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাজার কমিটির উপদেষ্টা মাহমুদুল হক শানু, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আবদুর রাজ্জাক, মোহম্মদ আলী, নিহতের ভাই অ্যাডভোকেট শামীম আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, পূর্বশক্রতার জেরে শামছুল হককে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
গত রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন শামছুল হক। পরদিন সোমবার বিকেলে বক্ষব্যাধি হাসপাতালের সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে নিহতের ভাই অ্যাডভোকেট শামীম আল মামুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
