ঘরে ঘরে সর্দি-কাশি জ্বরের প্রকোপ থাকলেও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইউনিয়নগুলোর হাটবাজারসহ বিভিন্ন জনসমাগমস্থলে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। হাটবাজারের অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই।
গতকাল শুক্রবার সকালে এ চিত্র দেখা যায় পদুয়া তেওয়ারীহাট, বটতলী কাঁচাবাজার এবং চরম্বা নয়া বাজার এলাকায়। অনেকের মাস্ক থাকলেও তা ছিল থুতনিতে। এ ছাড়া অটোরিকশা, দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহনের যাত্রীদের মুখে ছিল না মাস্ক।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ জানান, বর্তমানে ওমিক্রন যে হারে সংক্রমণ হচ্ছে তাতে স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পরিধান করা খুব জরুরি। তা না হলে সংক্রমণ রোধ সম্ভব নয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতু বলেন, ‘আমি নিজেও করোনা আক্রান্ত। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সামনের সপ্তাহে জরিমানা করাসহ অভিযান চলবে।’
