ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ এই গ্যাস পাইপলাইনটি নর্ড স্ট্রিম ২ নামে পরিচিত এবং এর মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি তথা পশ্চিম ইউরোপে যাওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার এই পাইপলাইনই বন্ধের হুমকি দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
গতকাল শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নর্ড স্ট্রিম ২ পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানিতে যাওয়ার কথা রয়েছে। জার্মানির কর্মকর্তারাও বলছেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে এই গ্যাস পাইপলাইন প্রকল্পের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা বরাবরই বলে আসছে যে, পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা হলে তারা রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আর জার্মানি ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই বক্তব্যের মাধ্যমে তাদের রুশবিরোধী কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো। কারণ, রাশিয়ার জন্য এই গ্যাস পাইপলাইন খুবই গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘আমি পরিষ্কার করেই বলে দিতে চাই, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তাহলে নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন প্রকল্প আর সামনে এগোবে না।’
অবশ্য যুক্তরাষ্ট্র এই গ্যাস পাইপলাইন প্রকল্প কীভাবে বন্ধ করবে এবং এটি বন্ধ বা বাতিল করার ক্ষমতা ওয়াশিংটনের আছে কিনা, সে বিষয়ে বিশদ কোনো ব্যাখ্যায় যাননি নেড প্রাইস। তবে তিনি এটিই বলেছেন যে, ‘(ইউক্রেনে হামলা হলে) এই প্রকল্প যেন সামনে না এগোয়, তা নিশ্চিত করতে জার্মানির সঙ্গে কাজ করব আমরা।’
যুক্তরাষ্ট্র যখন এই গ্যাস পাইপলাইন প্রকল্পটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা বলছে, তখন জার্মানি বলছে, প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তারা উড়িয়ে দেবে না।
