তুষারঝড়: যুক্তরাষ্ট্রে ৫ রাজ্যে জরুরি অবস্থা, বিদ্যুৎহীন হাজারো মানুষ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০:১৫ পিএম

তুষারঝড় ও ভারি তুষারপাতের কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল। বিরূপ আবহাওয়ায় দেশটির পূর্ব উপকূলের কিছু অংশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অঞ্চলের পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে হাজার হাজার মানুষের বিদ্যুৎ সংযোগ।

রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পূর্ব উপকূলে তুষারপাত ও প্রবল বাতাস ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা আগে ৫টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউইয়র্ক, বোস্টনসহ যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চল ঝড়ের কবলে পড়েছে। নিউইয়র্কে তুষার সরানোর যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। মেয়র এরিক অ্যাডামস এক টুইটার পোস্টে লিখেছেন, শহরের রাস্তায় এক ফুট পুরু তুষার জমতে পারে। নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা নিজ নিজ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বোস্টনে তুষারপাতজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেখানকার মেয়র মিশেল উ।

ম্যাসাচুসেটসের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত তুষারপাত দেখা গেছে। স্থানীয়দের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। সপ্তাহান্তে প্রায় ৬ হাজার মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তুষারঝড় মেইন রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং উত্তর-পূর্বাঞ্চলের বেশিভাগ এলাকায় শীতল তাপমাত্রার সমস্যা থাকবে।

নর’ইস্টার নামে পরিচিত এই ঝড়ের ফলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটসে ভারি তুষারপাত হচ্ছে। উপকূলে আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। শনিবার বোস্টন শহরে ২৩ দশমিক ৬ ইঞ্চি তুষার পড়েছে।

শনিবার রাতে ম্যাসাচুসেটস রাজ্যের ৮০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হচ্ছে কেপ কড। উপকূলীয় ঝড়ের ফলে বন্যার খবর পাওয়া গেছে নানটকেটেও।

স্থানীয় আবহাওয়াবিদ ম্যাথিউ ক্যাপুচি বিবিসিকে বলেন, তুষারপাতের পরিমাণ একটি সমস্যা। প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ সেমি তুষারপাত হচ্ছে। বিশ্বের কোনো রোড ক্রুই এটি সামলাতে পারত না। অর্থাৎ সমস্ত রাস্তাঘাট একরকম বন্ধ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরও অনেক কমে যেতে পারে।

এমন অবস্থায় হাজারো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইট ট্রেকার ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনিবার পূর্বনির্ধারিত ৩ হাজার ৪০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। শুক্রবার বাতিল করা হয়েছিল ১ হাজার ৪০০–এর বেশি ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় শাখা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝড়ের তীব্রতা দ্রুত বাড়তে পারে। ঝড়ের তীব্রতা বাড়ার এমন প্রবণতাকে মাঝে মাঝে ‘বোমা ঘূর্ণিঝড়’ বলে অভিহিত করা হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত