নাটকের পর চট্টগ্রামেই থাকছেন মিরাজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১:২৮ পিএম

দিনভর নাটক হয়েছে চট্টগ্রামে। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আর খেলতে চান না​ বলে ঘোষণা করেন মেহেদী হাসান মিরাজ। এমনকি ঢাকা ফেরার জন্য তৎপরও হন। শেষ পর্যন্ত অবশ্য ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে বৈঠকের পর খেলতে রাজি হয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার।

বিপিএলে শনিবার সিলেট সানরাইজার্স ম্যাচের আগে হুট করেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মিরাজকে। নতুন অধিনায়ক করা হয় নাঈম ইসলামকে। নাঈমের অধীনে ম্যাচটায় খেলেছেনও মিরাজ। কিন্তু পরে সামনে আসে তার অসন্তোষের কথা।

তাকে নেতৃত্ব থেকে সরিয়ে নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম যা বলেছিলেন তা প্রত্যাখ্যান করেন মিরাজ। ইয়াসির বলেছিলেন, ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে কোচ পল নিক্সন চাপ মুক্ত রাখতে মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন।’

যা নিয়ে মিরাজ বলেন, ইয়াসির মিথ্যাচার করেছেন। ইয়াসির প্রধান নির্বাহী থাকলে তিনি খেলবেন না বলেও জানিয়ে দেন। সব মিলে রবিবার বিপিএলে খেলা না থাকার দিনটা ছিল শুধু মিরাজময়। এই অলরাউন্ডার ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পরিবার নিয়ে হোটেল ছেড়ে নিচেও বেরিয়ে আসেন।

তবে পরে ফ্র্যাঞ্চাইজি মালিক কেএম রিফাতুজ্জামানের সঙ্গে বৈঠক হয় মিরাজের। সফল আলোচনা শেষে দুই পক্ষই সংবাদমাধ্যমকে জানায় বিরোধ অবসানের কথা।

রিফাতুজ্জামান পুরো বিষয়টিকে ‘যোগাযোগের অভাব’ ও ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেন।

মিরাজ বলেন, ‘আমাকে আগে জানালে হলে এই সমস্যা হতো না। এটা তাদের দল, তারা যাকে ইচ্ছা তাকে অধিনায়ক করবে। এটা তাদের ব্যাপার। আমি তো শুরুতে তাদের কাছে অধিনায়কত্ব চাইনি। এখন সরিয়ে দিয়েছে এটাও বিষয় না। শুধু আগে না বলাতে আমি কষ্ট পেয়েছি। যে কোনো ক্রিকেটারই এতে কষ্ট পাবে।’

দলের সঙ্গে থেকে যেতে রাজি হলেও ফের অধিনায়কত্ব দিলে তা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত