ইউক্রেনে হামলা হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। গত সোমবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটা বলা হয়েছে বলে জানিয়েছে এএফপি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, তারা কয়েকজনকে (রুশ) শনাক্ত করেছেন।তারা ক্রেমলিনের ঘনিষ্ঠ এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করেন।
জেন সাকি আরও বলেন, ‘আমরা রাশিয়ার অভিজাত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের জন্য সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার প্যাকেজ তৈরি করেছি।’ গত মঙ্গলবার অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। পরদিন বুধবার একই পদক্ষেপের ইঙ্গিত দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস। তিনি বলেছিলেন, ইউক্রেনে হামলা হলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞাসহ যেকোনো পদক্ষেপ নিতে পারে যুক্তরাজ্য। ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে।
চলমান এই উত্তেজনার মধ্যেই গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন সংকট নিয়ে বৈঠক আহ্বান করে যুক্তরাষ্ট্র। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। ইউক্রেনের বিষয়ে নতুন করে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
