ব্র্যাক ব্যাংকের বিশেষ রিক্রুটমেন্ট কার্যক্রম ‘ইয়ং লিডারস প্রোগ্রামের’ আওতায় রেকর্ডসংখ্যক সদ্য পাস করা গ্র্যাজুয়েট নিয়োগ করা হয়েছে।
ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা দিতে ৮০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আগামী চার বছরে ব্যবসা দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। এ সম্প্রসারণ পরিকল্পনাকে এগিয়ে নিতে মানবসম্পদ ও প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে ব্যাংকটি।
গত ১ ফেব্রুয়ারি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেনের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক এই কর্মকর্তাদের অভ্যর্থনা জানায়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন বলেন, ‘গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক লক্ষণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতায় দৃষ্টান্ত স্থাপন করেছে। করপোরেট সুশাসন, ব্র্যান্ড ভ্যালু ও কর্মকর্তাবান্ধব পরিবেশের কারণে চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে দেশের তরুণ সম্প্রদায়ের প্রথম পছন্দ হিসেবে আবির্ভূত হয়েছে ব্র্যাক ব্যাংক।’ বিজ্ঞপ্তি
