দেশে ই-কমার্সের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু নানা কারণে ক্রেতাদের আস্থার সংকটে পড়েছে খাতটি। এ অবস্থার উত্তরণে ও নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করবে ই-কমার্সবিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটি।
গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত কমিটির প্রথম বৈঠকে এ কথা বলেন কমিটির ডিরেক্টর ইনচার্জ ও ই-ক্যাব সভাপতি শমী কায়সার। তিনি বলেন, কভিডকালে দেশে ই-কমার্স সেবা কয়েকগুণ বেড়েছে। কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনায় ই-কমার্সের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ই-কমার্স কোম্পানিগুলোর জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিগগিরই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল গঠন করা হবে। সরকারের এসব কার্যক্রমের মাধ্যমে দেশে ই-কমার্স খাতে ক্রেতাদের আস্থা ফিরে আসবে বলে মনে করেন শমী কায়সার। ই-কমার্সের সার্বিক ইকো-সিস্টেমের উন্নয়নে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এক বছরের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানান তিনি।
স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, টেকসই ই-কমার্স তৈরিতে অবশ্যই এ খাতের উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ই-কমার্সের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হলে এ খাতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি।
