রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর পূর্বপাড়া গ্রামের নাজমুল হোসেন (২৮) হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। রায়ে বেকসুর খালাস পেয়েছেন ১৫ জন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মিন্টু আলী (৩৫), মো. রানা (২১), মো. পানা (২৫), আরিফ হোসেন (২৫) ও শরিফ হোসেন (২২) এবং নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের আরজেদ আলী ওরফে ভোলা (৪৭)। আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানাও করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরজেদ আলীর ছেলে সুমন এলাকার নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ২০২০ সালের ১৪ জানুয়ারি সে তার বন্ধুদের নিয়ে ওই ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করলে প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মামা নাজমুলকে কুপিয়ে হত্যা করে আসামিরা।
