কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে আলম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার তোফাজ্জল মিয়ার ছেলে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব রেলওয়ে জংশনের কাছে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন আলম। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন ও এনআইডি কার্ডের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, অসতর্কভাবে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই যুবকের সঙ্গে থাকা মুঠোফোন ও এনআইডির সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।
