রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪১ পিএম

রাজধানীর রামপুরার বনশ্রীতে তেলের লরির পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আবু নাসের (৩৮)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ীর মানিকনগর ঈদগা মাঠ এলাকার মো. আবু তাহেরের ছেলে এবং রামপুরার চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন।

রামপুরা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, মোটরসাইকেল আরোহী ওই হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার পথে একটি তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লরির চাকায় মাথা পিষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তেলবাহী লরি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত