ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই ভাই মিলে বড় ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া উপজেলায় এক নৌকার মাঝি খুন হয়েছেন। আর অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
পারিবারিক কলহের জেরে নিহতের ব্যক্তির নাম আবদুল জলিল (৪৫)।
গতকাল শুক্রবার ভোররাতে আবদুল জলিলকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, আবদুল জলিল, আলমগীর হোসেন (৪০) ও জাহাঙ্গীর হোসেন (৩৭) আপন তিন ভাই। পারিবারিক কলহের জেরে গত বৃহস্পতিবার রাতে ছোট ভাইদের সঙ্গে বড় ভাইয়ের হাতাহাতির একপর্যায়ে আলমগীর ও জাহাঙ্গীর মিলে বড় ভাইয়ের বুকে ও পেটে ঘুসি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মণীন্দ্র চন্দ্র (৬৫) নামে এক মাঝিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় ভোররাতে কে বা কারা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া গতকাল বেলা ১১টার দিকে পোস্তগোলা হাসনাবাদ কবরস্থানের পার্শ্ববর্তী বড় মসজিদঘাট এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান জানান, নৌকার মাঝি মনীন্দ্রের শরীরে ছুরির ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও রাজাবাড়ী এলাকায় পারিবারিক কলহে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন।
