চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৫৭৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ২০ দশমিক ১৩ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের শনিবারের রিপোর্টে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ২ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন ৫৭৪ জন পজিটিভ পাওয়া যায়।
এর মধ্যে শহরের ৪৩৩ ও ১৪ উপজেলার ১৪১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে ফটিকছড়িতে সর্বোচ্চ ২০, হাটহাজারীতে, মিরসরাইয়ে ১৩, রাউজান সাতকানিয়া ও বোয়ালখালীতে ১১ জন করে, রাঙ্গুনিয়ায় ১০ জন, সীতাকুন্ড, চন্দনাইশ ও লোহাগাড়ায় ৯ জন করে, আনোয়ারা ও বাঁশখালীতে ৭, পটিয়ায় ৬ ও সন্দ্বীপে ২ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২২ হাজার ৬৮৫ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৮৯ হাজার ৩৭৮ ও গ্রামের ৩৩ হাজার ৩০৭ জন।
করোনায় গত একদিনে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৯ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৫ জন।
