গণস্বাস্থ্য নগর হাসপাতালে মাত্র ১২ হাজার টাকা পাওয়া যাবে ক্যানসার চিকিৎসা। এখন থেকে বিশ্বখ্যাত আইসোটোপ বিহীন ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যানসার চিকিৎসা করা যাবে এ হাসপাতালে।
শনিবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে এক সেমিনার থেকে এ তথ্য জানানো হয়। সেমিনারে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ক্যানসার চিকিৎসার নতুন দিগন্তের নানা দিক তুলে ধরে তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ক্যানসার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যয়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যানসার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাতে ক্যানসার চিকিৎসা সহজ হয়েছে।
তিনি বলেন, নতুন এই মেশিনে কোনো সোর্স ব্যবহার করতে হয় না। ডিসপোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলোজির ব্যবস্থা আছে, এখনতো ব্রেকিথেরাপির ব্যবস্থাও আছে এবং আমাদের এখানে বোনম্যারো রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি।
তিনি বলেন, ইতিমধ্যেই আমরা রেডিএক্সেলের সব চেয়ে আধুনিক ভার্সনের অর্ডারও দিয়েছি। আশা করি আগামী ৬ মাসের মধ্যে ডিডিআর এক্সেলেটরও স্থাপন করব।
প্রতিষ্ঠানটি জানান, রেডিওএ্যাক্টিভ সাস ব্যবহারের ভিত্তিতে করে ব্রাকিথেরাপি দুই রকম আছে। একটি প্রচলিত রেডিওনিউক্লিয়াইড যুক্ত। অন্যটি রেডিওনিউক্লিয়াইড় মুক্ত বিকিরণ নিরাপদ ইলেকট্রনিক ব্রাকিথেরাপি যা ক্যানসার চিকিৎসায় নিরাপত্তা ও কার্যকারিতায় নব দিগন্ত উন্মোচন করেছে।
ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে এক্স-রে রশ্মি দ্বারা নিরাপদে চিকিৎসা করা হয়। এই ধরনের ব্রাকিথেরাপি দ্বারা পার্শ্ববর্তী স্বাস্থ্যবান টিস্যুকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে শরীরের প্রায় যে কোন স্থানের ক্যানসার চিকিৎসা করা যায়, যেমন স্তন ক্যানসার, নন-মেলানোমা চর্ম ক্যানসার, জরায়ুসহ গাইনোকোলজিকাল ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, প্যানক্রিয়েটিক, অন্ত্র, পায়ুপথ ও মস্তিষ্কের ক্যানসার ইত্যাদি। ক্যানসার রোগীদের সুবিধার কথা ভেবে নগর গণস্বাস্থ্য হাসপাতালে এই সর্বাধুনিক পদ্ধতির ক্যানসার চিকিৎসা ব্যবস্থা ইলেকট্রনিক ব্রাকিথেরাপি স্থাপন করা হয়েছে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের কোওর্ডিনেটর ডা. সামিম উল মওলা, বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ হাই, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার তাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি প্রমুখ।
