লোহাগাড়া উপজেলা

জন্মনিবন্ধন সনদ ও অনলাইনে নামের ভুল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৯ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে সরবরাহকৃত জন্মনিবন্ধন সনদ এবং অনলাইনে একই ব্যক্তির দুই রকম নাম রয়েছে। এমন বিভ্রাটে ওই ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে করোনা টিকা দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফরম পূরণে এ সনদ জরুরি।

এ ব্যাপারে ভুক্তভোগী অভিভাবক জাহেদুল ইসলাম জানান, জন্মনিবন্ধন সনদ অনুযায়ী তার ছেলের নাম তাফহীমুল ইসলাম হিমেল। অথচ অনলাইনে রয়েছে তাকহীমুল ইসলাম হিমেল। অপর অভিভাবক সাহেদুল ইসলাম বলেন, জন্মনিবন্ধন সনদ অনুযায়ী তার স্ত্রীর নাম মেহেরুননিছা। অথচ অনলাইনে বর্তমানে রয়েছে মেহেরুন নিছা। ভুক্তভোগীদের অভিযোগ, নামের বিভ্রাটের কারণে করোনা টিকা দেওয়াসহ বিভিন্ন কাজে তারা হয়রানির শিকার হচ্ছেন। 

এ ব্যাপারে পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন বলেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকেও এ ভুল হতে পারে। এ ব্যাপারে পদুয়া ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা গিয়াস উদ্দিন বলেন, জন্মনিবন্ধনের কেন্দ্রীয় সার্ভারের ত্রুটির কারণে সরবরাহকৃত সনদ ও অনলাইনে নামের বিভ্রাট হয়েছে। তাদের পুনরায় নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত