রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, তিনি চান ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। এতদিন ধারণা করা হতো- প্রিন্স চার্লস রাজা হলে কুইন নয়, প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিত হবেন ক্যামিলা।
ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, এটা তার ‘আন্তরিক ইচ্ছা’ যে ক্যামিলার পদবি ‘ডাচেস অব কর্নওয়াল’ থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের আচমকা এমন ঘোষণার মাধ্যমে মৃত্যুর পর তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার রানি উপাধি পাওয়ার পথ প্রশস্ত হলো।
রাজপ্রাসাদ ক্লারেন্স হাউসের এক মুখপাত্র বলেন, রানির এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল ‘আপ্লুত ও সম্মানিত’ বোধ করছেন।
১৯৫২ সালে সিংহাসনে আরোহণের বার্ষিকীতে সরাসরি ঘোষণা দিয়ে ডাচেস অব কর্নওয়ালের ভবিষ্যৎ পদবি নিয়ে অমীমাংসিত প্রশ্নের সমাধান করলেন রানি।
রানি দ্বিতীয় এলিজাবেথ ওই বার্তায় লিখেছেন, ‘এটা আমার খুব আন্তরিক ইচ্ছা, যখন সময় আসবে, তখন ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন।’
বিবিসি জানিয়েছে, সিংহাসনে যে রাজা থাকেন, তার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয় এবং এর অর্থ হলো ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা’।
তবে পুরুষ কনসর্টের ক্ষেত্রে অবশ্য কিছুটা পার্থক্য রয়েছে। যেমন প্রিন্স ফিলিপ অথবা রানি ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট রাজা নয়, বরং প্রিন্স কনসর্ট ছিলেন।
প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার স্বয়ংক্রিয়ভাবে রানি হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু জনমতের কারণে এমন নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
২০০৫ সালে বিয়ে করার আগে চার্লস ও ক্যামিলা দুজনেরই বিবাহবিচ্ছেদ হয়েছিল। চার্লস এর আগে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন। কিন্তু প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যাওয়ার এক বছর আগে ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। আর ক্যামিলার আগের স্বামী ছিলেন ব্রিটিশ সেনা কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলস। ১৯৭৩ সালে তাদের বিয়ে হয় এবং ১৯৭৫ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল।
চার্লস ও ক্যামিলার বিয়ের সময় ধারণা ছিল যে ক্যামিলা প্রিন্সেস কনসর্ট হিসেবেই পরিচিত হবেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় তার পদবি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে থাকে। রানির হস্তক্ষেপের মাধ্যমে ক্যামিলার রানি হওয়ার পথে বাধা কেটে গেল।
