প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম বছরে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা নতুন ৬৬ লাখ কর্মসংস্থান বা পদ তৈরি করেছেন। এর আগে কোনো কোনো প্রেসিডেন্টের প্রথম বছরে এত বেশি পদ তৈরি হয়নি বলে জানিয়েছে সিএনএন।
গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে চাকরির বাজারের এমন শক্তিশালী চিত্র দেখা যায়। এর আগে জিমি কার্টারের সময় প্রথম বছরে প্রায় ৪০ লাখ পদ তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় এ সংখ্যা ছিল ২৮ লাখ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম এক বছরে চাকরিতে পদ তৈরি হয়েছিল ২০ লাখ।
বাইডেনের শপথ গ্রহণের পর গত বছর দেশটিতে চাকরি বাড়ে ৪ দশমিক ৬ শতাংশ। তবে কার্টারের সময় এটি ছিল ৪ দশমিক ৮ শতাংশ।
২০২০ সালে করোনা মহামারীর মধ্যেই ক্ষমতা গ্রহণ করেন বাইডেন। তবে অল্প সময়ের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হওয়ায় তিনি সুবিধা পেয়েছেন। বিশেষ করে চাকরির বাজার চাঙ্গা করার ক্ষেত্রে।
গত বছর দেশটির মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭ শতাংশ, যা ১৯৮৪ সালের পর সবচেয়ে ভালো বলে জানা গেছে। তখনকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় এমন অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা যায়। তবে দেশটিতে ভিন্ন চিত্র দেখা গেছে চাকরি ছাড়ার ক্ষেত্রে। গত বছর ডিসেম্বরে ৪৩ লাখ আমেরিকান চাকরি ছাড়েন, যা নভেম্বরে ছিল রেকর্ড ৪৫ লাখ।
