মাগুরায় ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ

ভুল রক্ত দেওয়ায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ পিএম

মাগুরায় ভিন্ন গ্রুপের রক্ত শরীরে দেওয়ায় এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মাগুরা শহরের নিউ আল বারাকা নামের একটি প্রাইভেট ক্লিনিকে। নিহত রাশিদা বেগম (২৪) মাগুরা সদর উপজেলার খর্দ গ্রামের রমজান শেখের স্ত্রী।

রমজান শেখের বাবা রাশিদার শ্বশুর মাখন অভিযোগ করেন, তার পুত্রবধূ সন্তানসম্ভবা রাশিদা বেগম গত শুক্রবার রাতে শহরের হাসপাতালপাড়া এলাকায় নিউ আল বারাকা প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন। পরদিন শনিবার রাতে চিকিৎসক দিলারা আকবর লাবনি ওই ক্লিনিকে রাশিদা বেগমের অস্ত্রোপচার করলে একটি ছেলেসন্তানের জন্ম হয়। কিন্তু অস্ত্রোপচারের আগে রক্তের প্রয়োজন হলে রাশিদার শরীরে ‘ও’ পজেটিভ রক্তের পরিবর্তে ক্লিনিকের প্যাথলজি থেকে ‘এবি’ পজেটিভ রক্ত দেওয়া হয়। এতে জন্মের পরপরই অসুস্থ হয়ে মারা যায় ওই নবজাতক। অন্যদিকে রক্তের ভুল ব্যবহারের কারণে অসুস্থ হয়ে পড়েন রাশিদা। উপায়ান্তর না দেখে ক্লিনিক কর্তৃপক্ষ রাশিদা বেগমকে দ্রুত ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার ভোরে রাশিদা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে চিকিৎসক দিলারা আকবর লাবনি বলেন, রাশিদার গর্ভে পানির স্বল্পতা ছিল। যে কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তাছাড়া রাশিদার কিডনি জটিলতা ছিল। তার শরীরে রক্ত দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

মাগুরা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ফরহাদ হোসেন বলেন, ‘ওই ক্লিনিকের প্যাথলজির কোনো অনুমোদন নেই। এমনকি ক্লিনিকটির অনুমোদনের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। ভুল রক্ত দেওয়ার কারণে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা দুঃখজনক।

রাশিদার স্বামী রমজান শেখ মোবাইল ফোনে জানান, তিনি ঢাকায় লাশের সঙ্গে রয়েছেন। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে ক্লিনিকের বিরুদ্ধে মামলা করবেন।

আল বারাকা ক্লিনিকের মালিক সাইফুল ইসলামকে মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, প্রসূতি ও নবজাতকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা  নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত