নাটোরে ২৭০ বস্তা ধানসহ ট্রাক ছিনতাই

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ পিএম

নাটোরের বড়াইগ্রামে ২৭০ বস্তা ধানসহ একটি ট্রাক ছিনতাই হয়েছে। গত রবিবার রাত ১টার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজার গোরস্থান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক তোফায়েল হোসেন বলেন, ট্রাকে যশোরের খাজুরা বাজার থেকে ২৭০ বস্তা ধান নিয়ে রাত ১০টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। রাত ১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার গোরস্থান এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস রাস্তায় ব্যারিকেড দিয়ে  ট্রাকটি থামায়। এসময় মাইক্রোবাসে থাকা ৭ থেকে ৮ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকে দুই বস্তা গাঁজা থাকার অভিযোগ তুলে তল্লাশি শুরু করে। মাইক্রোবাস থেকে চারজন  ট্রাকে উঠে ট্রাক থানায় নিতে বলে। এরপর কিছুদূর এলে তারা আমাকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। তাদের একজন ট্রাক চালিয়ে বনপাড়া-হাটিকুমরুল সড়ক দিয়ে থানার দিকে যেতে থাকেন। এর কিছুক্ষণ পর তারা আমার হাত,পা, চোখ  বেঁধে ফেলে। ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উড়াল সেতুর কাছে আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। পরে কালিয়ারকৈর থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে বড়াইগ্রাম থানায় এসে বিস্তারিত জানাই। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, ট্রাক উদ্ধারে তৎপরতা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত