রাজধানীর বিমানবন্দর সড়কে বুধবার সকালে যানজট স্বাভাবিকের চেয়ে তীব্র আকার ধারণ করে। প্রায় তিন ঘণ্টা এ অবস্থা চলার সাড়ে ১১টার পর পরিস্থিতির সামান্য উন্নতি হয়।
জানা যায়, সকাল নয়টার দিকে বিমানবন্দর সংলগ্ন কওলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর এ রুটে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
বালুবোঝাই ট্রাকটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বিমানবন্দর সড়কে মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়ে বাড্ডা ও কালশী সড়কেও।
যানজটের কারণে দিনের প্রথম প্রহরে অফিসগামী মানুষজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বাসে থাকতে হয়।
এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মোহাম্মদ আশফাক সংবাদমাধ্যমকে বলেন, সকালের দিকে বিমানবন্দর সড়কে বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর থেকেই এ রুটের যাত্রীরা যানজটে নাকাল হচ্ছেন। ওখানে কর্তব্যরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন বালুর ট্রাক সরিয়ে নেওয়া হলেও রাস্তায় এখনো অনেক চাপ রয়েছে।
বেলা ১২টা নাগাদ গুগল ম্যাপ ও বিভিন্ন ট্রাফিক অ্যালার্ট গ্রুপ থেকে জানা যায়, এখনো বিভিন্ন সড়কে যথেষ্ট চাপ রয়েছে।
