পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার লোকালয় থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গতকাল বুধবার ভোর ৫টার দিকে সুন্দরবনসংলগ্ন লোকালয়ের ঢাংমারী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ৪২ কেজি হরিণের মাংস ও চামড়াসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করা হয়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারি ও পাচারকারীরা আগেভাগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে জব্দ করা হরিণের মাংস বন বিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. সামানুল কাদির বলেন, এ ঘটনায় মামলা করা হবে।
×
