সৌদি আরবের আভা বিমানবন্দরে চালানো ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত জোট এ দাবি করেছে। এতে বলা হয়েছে, হামলা প্রতিহত করা হলেও ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিমানবন্দরের অন্তত ১২ জন আহত হয়েছে। খবর এএফপির। সৌদি জোট বলেছে, ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে ফ্লাইট স্বাভাবিক অবস্থায় ফিরেছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত জোটের পৃথক বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে বিভিন্ন দেশের দর্শনার্থী ও কর্মী রয়েছেন।
হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বেশ কিছু রিয়াদ প্রতিহত করলেও অতীতে হতাহতের ঘটনা ঘটেছে।
