দুনিয়ায় মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধনসম্পদ, পদমর্যাদা, চাকরি কিংবা প্রিয়জনকে হারিয়ে মানুষ সাময়িক ক্ষতির সম্মুখীন হন। মানুষের এসব ক্ষতি চিরস্থায়ী নয়, সাময়িক। মানুষের স্থায়ী ক্ষতি হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন জীবনে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। চিরকাল ক্ষতিগ্রস্ত যারা তারা ধ্বংসপ্রাপ্ত। ধ্বংসপ্রাপ্তদের পরিচয় সম্পর্কে কোরআনে কারিমে অনেক আয়াত বর্ণিত হয়েছে। ওইসব আয়াতে ধ্বংসপ্রাপ্তদের পরিচয় সবিস্তারে উল্লেখ করা হয়েছে। তারা হলেন
‘ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য।’ সুরা জাসিয়া : ৭
‘ধ্বংস তার যে (মানুষের) পেছনে অপবাদ রটায়।’ সুরা হুমাযা : ১
‘ধ্বংস তার যে (মানুষকে) সামনে অপমানিত করে।’ সুরা হুমাযা : ১
‘ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে।’ সুরা হুমাযা : ১-২
‘ধ্বংস সে সব নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ সুরা মাউন : ৪
‘ধ্বংস তাদের, যারা পরিমাপে কম দেয়।’ সুরা মুতাফফিন : ১
‘ধ্বংস ওই সব মিথ্যারোপকারীর, যার কিয়ামতকে অস্বীকার করে।’ সুরা মুতাফফিন : ১০-১১
‘ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে।’ সুরা আল বাকারা : ৭৯
‘ধ্বংস ও কঠিন শাস্তি ওই সব কাফেরদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাঁধা প্রদান করে।’-সুরা ইবরাহিম: ২-৩
‘ধ্বংস তাদের যারা মহান দিবসের (কিয়ামত) উপস্থিতিকে অস্বীকার করে।’ সুরা মারইয়াম : ৩৮
‘ধ্বংস ওই সব লোকদের, যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়। সুরা আম্বিয়া : ১৮
‘ধ্বংস ওই সব কাফেরদের, যারা ধারণা করে আসমান, জমিন ও এর মধ্যে যা কিছু আছে, আল্লাহ সেগুলো অনর্থক সৃষ্টি করেছেন।’ সুরা সাদ : ২৭
‘ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠোর হয়ে গেছে।’সুরা যুমার : ২২
‘ধ্বংস তাদের যারা আল্লাহর সঙ্গে শরিক করে।’ সুরা হামিম আসসাজদা : ৬
এই শ্রেণির লোক ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত। তারা চিরকালের জন্য জাহান্নামি। আরেক শ্রেণির লোক আছে, যারা আল্লাহর ক্ষমা ও দয়া এবং অনুগ্রহ থেকে বঞ্চিত। ওই সব লোক হলেন-যারা বিভিন্ন অন্যায়-অপরাধের মধ্যে ডুবে থাকে। অন্যের প্রতি জুলুম-অত্যাচার করে আর ভাবে, অপরাধী ও জালেমদের যে ভয়াবহ পরিণতির কথা কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে তা কোথায়? আমরা তো অনেক অন্যায়-অপরাধ ও জুলুম-অত্যাচার করে বেড়াচ্ছি, কিন্তু আমাদের তো কিছুই হচ্ছে না!
