চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯ পিএম

দিনাজপুর সদর উপজেলায় গণপিটুনিতে রবিউল ইসলাম ওরফে বাটুল (৪০) নামে একজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গ্রামবাসীর দাবি, গত বুধবার রাত ৮টায় দিনাজপুর সদর উপজেলার সদরপুর গ্রামের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোটরসাইকেল চুরির সময় গণপিটুনির শিকার হন তিনি। নিহত বাটুল জেলার খানসামা উপজেলার পাকেরহাটের ভান্ডারদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

গ্রামবাসীর ভাষ্যমতে, বুধবার রাত ৮টায় বাটুল সদর উপজেলার সদরপুর চাকারবাজারে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি নিয়ে যাচ্ছিলেন। পরে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধরে গণপিটুনি দেয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে রাতে বাটুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃত্যু হয়েছে। বাটুলের বিরুদ্ধে কোতোয়ালি ও আশপাশের কয়েকটি থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

অপরদিকে, নীলফামারীর ডিমলায় গরু চুরির অভিযোগে মোহাম্মদ আলী (৫৯) নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের কাস্টমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী বালাপাড়া ইউনিয়নের কাস্টমপাড়া গ্রামের মৃত জিয়ার আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর দাবি, গত বুধবার রাতে ওই গ্রামের জিয়ারুলের বাড়ি থেকে একটি গরু চুরি করার সময় প্রতিবেশীরা বুঝতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এগিয়ে এলে গরু চোরের দলের কয়েক সদস্য পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী আটক হয়। এরপর গণপিটুনির শিকার হয়ে গুরুতর অবস্থায় রাতেই ডিমলা থানার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মোহাম্মদ আলীর লাশ জেলার মর্গে ময়নাতদন্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত