কিমের সঙ্গে যোগাযোগ রেখেছেন ট্রাম্প

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উনের সঙ্গে সম্পর্ক রেখেছেন। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবেরম্যান ট্রাম্পকে নিয়ে একটি বই লিখেছেন। ‘দি কনফিডেন্স ম্যান’ নামের বইটি শিগগিরই প্রকাশিত হবে। ওই বইয়ে কিমের সঙ্গে ট্রাম্পের এখনো যোগাযোগ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। ট্রাম্প ও কিমের মধ্যকার এই ব্যক্তিগত যোগাযোগের বিষয়টি নিয়ে একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এমন এক সময় এ তথ্য সামনে এসেছে যখন উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা তৈরি হয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করে। বলা হচ্ছিল, উত্তর কোরিয়ার ওপর নতুন করে আরও অবরোধ জারি করা হতে পারে। এই ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই উত্তর কোরিয়াকে টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে কোভ্যাক্স।

সিএনএনকে হাবেরম্যান বলেন, ‘আমরা সবাই জানি, কিম জং উনের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্প বেশ অকপট ছিলেন। এমনকি হোয়াইট হাউজ ছাড়ার পরও কিমের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’ তবে হাবেরম্যানের এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ট্রাম্প। এমনকি রিপাবলিকানদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপনকেন্দ্র ‘মার-এ-লাগো’ থেকে কয়েক বাক্স নথিপত্র উদ্ধার করে দেশটির ন্যাশনাল আর্কাইভ। সেই নথিতে পাওয়া গেছে ট্রাম্পকে লেখা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কয়েকটি ‘প্রেমপত্র’।

ক্ষমতায় থাকাকালে কিম জং উনের সঙ্গে দুই দফা ব্যর্থ বৈঠক করে আলোচনার জন্ম দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় কিম ও ট্রাম্পের ব্যক্তিগত পর্যায়ের যোগাযোগ ও সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। ২০১৮ সালে ট্রাম্প মন্তব্য করেন, তিনি ও কিম চিঠি চালাচালি করছেন। তাদের মধ্যে একটি হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে। তবে দুই নেতার এমন হৃদ্যতা উত্তর কোরিয়া ইস্যুতে অশান্তি ও অনিশ্চয়তা দূর করতে কার্যত সফল হয়নি। কিম জং উনের উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কার্যক্রম থেকে সরিয়ে আনতেও সফল হননি ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত