বাধ্যতামূলক ভ্যাকসিন কর্মসূচি এবং কঠোর করোনাবিধি অবসানের দাবিতে নিউজিল্যান্ডে পার্লামেন্টের মাঠ দখল করে বিক্ষোভ চলছে। গতকাল শুক্রবার বিক্ষোভের চতুর্থ দিনে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বেড়েছে। পুলিশি গ্রেপ্তার সত্ত্বেও বিক্ষোভ চলছে বলে জানিয়েছে বিবিসি।
কানাডার ট্রাকচালকদের বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে টানা চার দিন ধরে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছে নিউজিল্যান্ডের কয়েক হাজার মানুষ। এতে রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্টের চারপাশের বেশ কয়েকটি সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এসব সড়কে ট্রাক, কার, ভ্যান ও মোটরসাইকেল রেখে বিক্ষোভে যোগ দিয়েছে মানুষ।
গত বৃহস্পতিবার পুলিশ জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ১২০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁবু খাঁটিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় তাদের সরাতে ব্যর্থ হয় পুলিশ। শুক্রবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্টের মাঠে রাতে আর কোনো ঘটনা ঘটেনি। তবে অ্যালকোহল সংশ্লিষ্ট আচরণের সঙ্গে জড়িত থাকায় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সুপারিনটেন্ডেন্ট কোরি পারনেল এক বিবৃতিতে বলেন, ‘পুলিশ পার্লামেন্ট মাঠে অনুপ্রবেশ করা বিক্ষোভকারীদের ওপর মাপা পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে, আর তাদের বারবার সরে যেতে বলা হচ্ছে।’
