শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা বুরুঙ্গা, নাকুগাঁও, পানিহাতায় রয়েছে ডজনখানেক চোরা কারবারি। এরা প্রতিনিয়ত রাতের আঁধারে ভারতের মেঘালয় রাজ্যে গিয়ে সেখান থেকে নিয়ে আসছে মদ, গাঁজা, ফেনসিডিল, গরুসহ নানা অবৈধ মালামাল।
পুলিশ, ডিবি, র্যাব, বিজিবি বিভিন্ন সময় ছোটখাটো অভিযান পরিচালনা করে আসছিল। তবে গতকাল শুক্রবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ হাজার ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিলের একটি বড় চালান আটক করেছে। একই সঙ্গে গ্রেপ্তার করেছে সাইফুল ইসলাম বাপ্পি (৩৫) নামে এক কারবারিকে। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে অভিযান চালিয়ে ভোর ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকা থেকে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদকসহ তাকে গ্রেপ্তার করেন।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা রাত ৩টার দিকে ভারত সীমান্তঘেঁষা পানিহাতা এলাকার নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে পিকআপ ও ইজিবাইকভর্তি ভারতীয় ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায় চালক ও কারবারিরা। দুই মোটরসাইকেলে থাকা অপর দুই মাদক কারবারির একজন দৌড়ে পালাতে পারলেও সাইফুলকে আটক করে বিজিবি সদস্যরা।
