দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসতে শুরু করায় শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
করোনা মহামারীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাভাবিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। আশা করছি শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে।
মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল- কলেজ খুলে দিয়েছিল সরকার। তবে ওমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। শুরুতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশনা থাকলেও পরে তা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এখন আবার সংক্রমণ কমে আসায় শিক্ষার্থীদের টিকা দিয়ে দ্রুত স্কুল খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন বিভিন্ন সংগঠন ও অভিভাবকরা। ইউনিসেফও একই আহ্বান জানিয়েছে।
গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সকালে সিলেট পৌঁছান শিক্ষামন্ত্রী। সার্কিট হাউজের বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল উপস্থিত ছিলেন।
