শ্রীপুরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৪ এএম

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বরমী ইউনিয়নের ভিটি পাড়া এলাকার সদুখারটেক গ্রামের এক বন থেকে শুক্রবার সন্ধ্যায় ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা অন্য কোথাও হত্যা করে নির্জনে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে প্রতিদিনের মত আশপাশের শিশুরা মাঠে ঘাস খেতে যাওয়া পশু (ছাগল) আনতে গেলে চোখে পড়ে বোরকা পরিহিত এক নারী মাটিতে শুয়ে আছে। শিশুদের ধারণা কোনো পাগল হয়তো মাটিতে শুয়ে রয়েছে। পরে ছাগল নিয়ে ফিরে আসার সময়ও এমনি দেখে একটু কাছে গিয়ে গলাকাটা দেখতে পায়। এ সময় শিশুরা ভয় পেয়ে দৌড়ে চলে আসে। পরে তারা আশপাশের সবাইকে জানালে অন্যরা গিয়ে নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে।

শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর এ নির্জনে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ওসি আরও বলেন, এ হত্যার রহস্য উদ্‌ঘাটনে পিবিআই ও সিআইডি টিম আসছে। তারা কাজ শেষ করলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত