বাংলাদেশকে সুযোগের দেশ হিসেবে আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার দুবাইয়ের একটি হোটেলে ‘বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত’ আয়োজিত এক ব্যবসায়িক সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইপি ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান ব্যবসাবান্ধব পরিবেশের সঠিক ব্যবহার এবং দেশের অর্জনগুলো বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন তথাকথিত তলাবিহীন ঝুড়ি থেকে সুযোগের দেশে পরিণত হয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ এখন বিস্তৃত। প্রবাসী কর্মীরাই আমাদের নায়ক।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাইয়ের সভাপতি মাহতাবুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল।
বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান চট্টগ্রাম ও দুবাইয়ের মধ্যে সরাসরি শিপিং লিংক স্থাপনের জন্য সরকারকে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান। তিনি সিআইপিদের জন্য একটি এক্সক্লুসিভ ইকোনমিক জোন বরাদ্দে সরকারের সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ব্যবসায়ী সম্প্রদায়কে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্ভাব্য একীকরণের আশ্বাস দেন। দ্বিপক্ষীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী ১০-১৩ ফেব্রুয়ারি আমিরাত সফর করছেন।
