পানির দাম বাড়ানোর প্রস্তাব বাতিলসহ ‘স্বল্প মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ’ করতে ব্যর্থতার জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের পদত্যাগের দাবিতে সমাবেশ হয়েছে।
রবিবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সাধারণ নাগরিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ওয়াসা বারবার পানির শুল্ক বাড়ালেও পানির মান ভালো করতে ব্যর্থ হয়েছে। রাজধানীবাসীকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা বলেন, করোনা মহামারি চলাকালে ওয়াসা ২ বার পানির দাম বাড়িয়েছে, যা অমানবিক। এখন ওয়াসা অযৌক্তিকভাবে ২০ শতাংশ দাম বাড়াতে চাইছে।
বিক্ষোভকারীরা বলেন, ওয়াসার সিস্টেম লস, পানির অপব্যবহার, দুর্নীতির খরচ রাজধানীবাসী বহন করবে না।
এ সময় তারা ওয়াসার কার্যক্রমকে জবাবদিহিমূলক ও স্বচ্ছ করতে সংস্থাটির ঊর্ধ্বতন পদগুলোতে পরিবর্তন আনার দাবি জানান।
