সখীপুরে বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৯ পিএম

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর অভিযোগের মামলায় বিএনপির ৪৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল রবিবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতের বিচারক ফারজানা হাছানাত তাদের কারাগারে পাঠান। এদিন আদালতে ৫৯ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ১০ জনের জামিন আবেদন মঞ্জুর করা হয় এবং বাকিদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকালে পুলিশের টহলরত গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সখীপুর থানা পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। গ্রেপ্তাররা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ওই নির্বাচনের আগে ২০ ডিসেম্বর রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় সখীপুর থানা পুলিশ বাদী হয়ে ১৯৬ জনকে আসামি করে মামলা করে। আসামিপক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান বলেন, ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত, হয়রানিমূলক, গায়েবি ও মিথ্যা এ মামলাটি করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত