হুথিদের টেলিযোগাযোগ ব্যবস্থায় হামলা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৭ এএম

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথি বিদ্রোহীদের একটি টেলিযোগাযোগ ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে। গতকাল সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি এ খবর জানায়। এর আগে রাজধানী সানায় ইয়েমেনের মন্ত্রণালয়গুলোর বেসামরিক মানুষদের নিরাপদে সরিয়ে নিতে বলে সৌদি জোট। উত্তর সানার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে স্যাটেলাইটের জন্য একটি গ্রাউন্ড স্টেশনকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, জোটের একটি হামলায় টেলিকম কোম্পানি টেলিইয়েমেনের ভবন ধসে গেছে। এছাড়া ড্রোন হামলায় কাছের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ওই প্রতিবেদনে জানানো হয়। জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান-সমর্থিত হুথিরা বিদ্বেষমূলক অভিযান শুরু করতে মন্ত্রণালয়ের সদর দপ্তর ব্যবহার করে। সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিরা সবশেষ যে হামলা চালায়, তার সঙ্গে যুক্ত একটি স্থাপনা লক্ষ্য করে এ হামলা করা হয়েছিল। স্থাপনাটি ধ্বংস করাই ছিল ড্রোন হামলার লক্ষ্য। গত বৃহস্পতিবার সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিরা একটি ড্রোন হামলা চালায়। বিমানবন্দরে হুথিদের ওই হামলায় ১২ জন আহত হয়েছিলেন। ইয়েমেনে সাত বছর ধরে সংঘাত চলছে। এ সময়ে সৌদি আরব অসংখ্যবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুথি সেনারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত