হাটের ইজারা নিয়ে যুবলীগ ছাত্রলীগ সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৩ এএম

হাট-বাজারের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাট-বাজারের টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দিন ছিল গতকাল বুধবার। ঐতিহ্যবাহী কাইকারটেক হাটটি দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে পরিচালনা করে আসছেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সমর্থক রোমান বাদশা। জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির সমর্থক সজল মিয়া তার লোকজন নিয়ে এদিন ওই হাটের দরপত্র জমা দিতে গেলে নান্নুর সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব, যুবলীগ কর্মী সাগর, হৃদয়, অনিক, পলাশ, পায়েলসহ যুবলীগের ২০/২৫ জন নেতাকর্মীরা তাদের বাধা দেন। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ থানা-পুলিশ গিয়ে লাঠিচার্জ করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপজেলা পরিষদ থেকে বের করে দেয়। সংঘর্ষের ঘটনায় রনির সমর্থক শেখ মেহেদী হাসান, সজল মিয়া, জাবেদ মিয়া, পারভেজ মিয়া, রানা, মিরাজ হোসেন, আবদুল আলী ও বাবুসহ ১২ জন আহত হয়। যুবলীগের নান্নুর পক্ষের ফারুক প্রধান, রবিউল প্রধানসহ ৩ জন আহত হয়। আহতদের মধ্যে রনির সমর্থক শেখ মেহেদী হাসান, জাবেদ ও সজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সেলিম মিয়া বলেন, ‘যুবলীগের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাটটি পরিচালনা করে আসছিল। আমরা এ বছর টেন্ডার জমা দিতে গেলে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।’

মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তারা যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেছে।’

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত