নরসিংদীতে জেলা পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নজরদারি বৃদ্ধি করতে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে।
প্রথম পর্যায়ে নরসিংদীর ট্রাফিক বিভাগে ৮টি ও ৭টি থানা পর্যায়ে ৭টি বডি ওর্ন ক্যামেরা কর্মরত পুলিশ সদস্যদের সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
বৃহস্পতিবার দুপুরে শহরের জেলখানার মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এ সময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জায়েদ শাহরিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর শাখাওয়াত আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নরসিংদী জেলার মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে।
একজন পুলিশ সদস্য এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরদারি করা হবে। এতে পুলিশের কাজের স্পষ্টতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
