আপনার সঙ্গে অন্যায় হলে আমি পাশে দাঁড়াব: প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৯ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে করে বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করে আপনি ইতিহাসের অংশ হতে পারেন। আপনি ভয় পাবেন না, আপনার কিছু হবে না। শুধু একটা মামলা হবে, সেটা হলো অপচয়ের।’ 

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে ‘কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, ‘আমি জানি না, আপনি কোনো দুর্নীতি করেছেন কি না। তবে এটুকু বলব, খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় হয়েছে, সেটা আপনার সঙ্গে হবে না। যদি হয়, তাহলে আমি আপনার পাশেই দাঁড়াব।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন থেকেই রাজপথে আন্দোলন শুরু করুন। দলীয় সরকারকে হটাব, নির্বাচন করব। এই হোক আপনাদের স্লোগান। এখন থেকেই আন্দোলন করুন, আমাদের পাশে পাবেন।’ 

জাফরুল্লাহ চৌধুরী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের উদ্দেশে বলেন, ‘আমি কোনো দিন বিএনপির সদস্য ছিলাম না, উপদেষ্টাও ছিলাম না। বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে আমি সার্চ কমিটিতে নাম দিইনি। কিছু হলেই বলা হয় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। মামলা দিয়ে প্রতিপক্ষকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর কথা শুনি না, কিন্তু তাকে পূজা করি।’

তিনি বলেন, ‘আমিও সার্চ কমিটির মিটিংয়ে গিয়েছিলাম। যে দশজনের নাম প্রেসিডেন্টের কাছে পাঠাবেন তা আগেই জনগণের সামনে প্রকাশ করুন। জনগণকে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। সার্চ কমিটি যতই সার্চ করুক জনগণের চেয়ে বেশি সার্চ তারা করতে পারবে না। জনগণ হলো আসল সার্চের মালিক। তিনদিন আগে এই দশজনের নাম প্রকাশ করা হলে তাদের সম্পর্কে আমরা সব তথ্য দিতে পারব। গোয়েন্দা বাহিনী যে তথ্য দিতে পারে না। জনগণ সে তথ্য দিতে পারবে।’ 

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে. এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, ব্যারিস্টার মেজর (অব) সরোয়ার, ভাসানী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উইং সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত