সড়ক দুর্ঘটনা: লাশ হয়ে বাড়ি ফিরলেন ডা. সামিনা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৮ পিএম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর ধর্মপুর গ্রামের ডা. সামিনা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

স্বজনরা বলেন, আইসিইউতে রোগীকে চিকিৎসাসেবা দিয়ে যিনি সুস্থ করে তুলতেন, সেই সামিয়ার মর্মান্তিক মৃত্যু হলো আইসিইউতে।

বিষয়টি নিশ্চিত করেন আইসিইউ বিভাগের ডা. হারুনুর রশিদ। তিনি বলেন, দু’দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন সামিনা। শুক্রবার সকালে গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে ডা. সামিনা আক্তার নগরের কাজীর দেউড়ি রেডিসন ব্লুর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, ডা. সামিনার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। মাথায় মারাত্মক আঘাত ছিল, বুকের হাড়ও ভেঙে গেছে।

ডা. সামিনা আক্তার বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি ফেনীর ধর্মপুরে। চট্টগ্রামের মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক। তাদের এক মেয়ে ও এক ছেলে।

ডা. সামিনা আক্তারের আকস্মিক মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার। ফেনীর ধর্মপুর গ্রামের বাড়িতে চলছে শোকের মতম।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাটি জব্দ করা হয়েছে। অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত