উদ্ধারকারীদের আপ্রাণ চেষ্টার পর গত তিন দিন ধরে কুয়ায় আটকে থাকা আফগান শিশু হায়দারকে বাঁচানো সম্ভব হলো না। এ ঘটনায় শোক নেমেছে আফগানিস্তানজুড়ে। বিবিসির খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গভীর কুয়ায় পড়ে যায় শিশুটি। ওইদিন রাত থেকেই তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় স্থানীয় প্রশাসন। আফগানিস্তানের জাবুল প্রদেশের প্রত্যন্ত এলাকায় গত মঙ্গলবার ওই গভীর কুয়ায় পড়ে যায় হায়দার। পাশেই একটি বিশাল গর্ত করে পৌঁছানো হয় তার কাছে। স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানিয়েছেন, শিশুটিকে বের করে আনার সময় নিস্তেজ দেখাচ্ছিল। শ্বাস নিতে দেখা যায়নি। উদ্ধারকারীরা বলছেন, বৃহস্পতিবার কুয়া থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ জওহর এএফপিকে বলেন, উদ্ধার হওয়ার প্রথম মিনিটে শিশুটিকে শ্বাস নিতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই অক্সিজেন দেওয়া হয়। চিকিৎসক দল তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে মারা যায়।
×
