আ.লীগ থেকে বহিষ্কার ইউপি চেয়ারম্যান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বারদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি পদ থেকে অপসারণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, গত মঙ্গলবার রাতে মাহবুবুর রহমান বাবুল বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় বলেন, ‘আমি বারদী ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারদী আসতে হলে আমার হুকুম লাগবে। এই এলাকায় এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে। কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস ইজ অফ। এখন থেকে হাটবাজারগুলোতে কেউ সমস্যা করলে তাদের হাত-পা না ভেঙে আমাকে ফোন দেবেন না। হাত-পা ভেঙে আমাকে ফোন দেবেন, আমি আপনাদের উদ্বার করব। হাত-পা না ভাঙলে আমি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেব।’ তার এসব বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ বক্তব্যের কারণেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আবদুল হাই বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মাহবুবুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়েছে।’

এদিকে গত বৃহস্পতিবার নিজের বক্তব্যকে বিকৃত করা হয়েছে দাবি করলেও গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন মাহবুবুর রহমান বাবুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত