প্রয়োজনীয় সনদ না থাকা এবং বিভিন্ন নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর শহরের দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্লিনিক দুটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজীব, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ফাতেমা বেগম।
বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান দুটি হলো আরামবাগ হাসপাতাল ও নিউলাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম বলেন, ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর নির্দেশনা লঙ্ঘন করায় ক্লিনিক দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই দুই হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। সেখানে ভর্তি রোগীদের অন্যত্র নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে আমরা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখব।’
