দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মনির হোসেন (৩৬)। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনার পর গতকাল শুক্রবার মনিরের ছোট ভাই আশিক এ তথ্য জানিয়েছেন। মনিরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামে।
আশিক জানান, তার ভাই দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে রড-সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা করতেন। সেখানে তিনি একসঙ্গে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মনিরের ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় মনির বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। বাংলাদেশে মনিরের স্ত্রী ও স্কুল পড়ুয়া দুই কন্যাসন্তান রয়েছে। মনিরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, কেউ শত্রুতা করে তার স্বামীকে ওই দেশের সন্ত্রাসী দিয়ে খুন করাতে পারে। আগামীকাল রবিবার মনিরের মরদেহ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
