ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক মাসে ৩ হাজতির মৃত্যু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে চলতি ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে তিন হাজতি মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে ১৮ ফেব্রুয়ারি শামসুদ্দিন শেখ (২৬), ১১ ফেব্রুয়ারি ইকবাল হোসেন (৪০) ও ৮ ফেব্রুয়ারি রমিজ উদ্দিন (৫৩) নামে এক হাজতি মারা যান।

কারাগার সূত্রে জানা যায়, শামসুদ্দিন শেখ (২৬) ১৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে  কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামসুদ্দিন চাঁদপুর সদর থানায় মধ্য ইচুলী শেখ বাড়ির মুক্তার শেখের ছেলে। তিনি রাজধানীর কাফরুল থানার দুটি হত্যা মামলার আসামি। নিহত সামসুদ্দিন আদালতের বিচারাধীন রায়ে হাজতি হিসেবে ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষচন্দ্র জানান, শামসুদ্দিন (এসকোলিয়স উইথ ব্যাক পেইন) রোগে আক্রান্ত ছিলেন। তাকে গত বছরের ডিসেম্বর মাসে কাশিমপুর থেকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর করা হয়। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানো হয়েছে।

১১ ফেব্রুয়ারি মারা যান ইকবাল হোসেন (৪০) নামে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি।

কারা সূত্রে জানা যায়, বন্দী ইকবাল হোসেন ১১ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পথে তিনি মারা যান। পরে সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইকবাল দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা।

এর আগে ৮ ফেব্রুয়ারি মারা যায় রমিজ উদ্দিন (৫৩) নামে অপর একজন। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় অসুস্থ অবস্থায় রমিজকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রমিজ উদ্দিন দোহারের নয়াডাঙ্গি গ্রামের সাকিম উদ্দিনের ছেলে। তিনি দোহার থানায় একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষচন্দ্র জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতি মাসেই অনেক মৃত্যু হয়। কারণ সারা দেশের বিভিন্ন হাজত থেকে অসুস্থ বন্দীদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেই কারণে এখানে মৃত্যু হারটা একটু বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত