পুলিশি নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০১ এএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শান্তিগঞ্জ থানার এসআই আলাউদ্দিন, দেবাশীষ ও পার্ডন কুমার সিংহের বিচারের দাবিতে বেলা ২টার দিকে উজির মিয়ার লাশ নিয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন কয়েক হাজার মানুষ। এতে সড়কে কয়েকশ যানবাহন আটকা পড়লে দুর্ভোগ দেখা দেয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

এদিকে অবরোধকারীদের শান্ত করতে দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান ঘটনাস্থলে গেলে তোপের মুখে পড়েন। অবস্থা বেগতিক দেখে তিনি দ্রুত চলে যান। এ সময় তার গাড়ি লাশের ওপর দিয়ে এসেছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে আরও বিক্ষুব্ধ হয় মানুষ।

নিহতের স্বজনরা জানান, ৯ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে গরুচোর সন্দেহে পুলিশ আটক করে। পরদিন তিনি জামিন পান। পুলিশের নির্যাতনে অসুস্থ হন উজির তিনি। তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল সেখানে মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্তে নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান বলেন, ‘উজির মিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমার ওপর চড়াও হয়। ফলে আমি দ্রুত চলে আসতে বাধ্য হয়েছি। মরদেহের ওপর দিয়ে আমার গাড়ি আসার তথ্য গুজব। এমন কোনো ঘটনা ঘটেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত