সোনারগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ উৎসব। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসবে বাংলাদেশের বিলুপ্তপ্রায় সংস্কৃতির বিভিন্ন উপাদান দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ¯স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি।
ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ জানান, করোনা পরিস্থিতির জন্য এ বছর লোকজ উৎসব ১৪ জানুয়ারির পরিবর্তে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শুরু করতে হচ্ছে। এ বছর উৎসবে কারুশিল্প প্রদর্শনীর ২৪টি স্টলসহ মোট ১০০টি স্টল স্থান পেয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে উৎসবে আসার জন্য আহ্বান জানান তিনি।
তিনি জানান, উৎসবে লোক কারুশিল্প প্রর্দশনী, লোক জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়াস্কোপ, নাগরদোলা ও গ্রামীন খেলার আয়োজন থাকবে।
লোকজ মঞ্চে প্রতিদিন পরিবেশিত হবে গ্রামীণ লোক সাংস্কৃতিক অনুষ্ঠান।
মাসব্যাপী লোকজ উৎসব শেষ হবে আগামী ২৩ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ উৎসব।
