বিধিনিষেধ সত্ত্বেও দেড় বছর আগে তালিকাভুক্ত হওয়া কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ২০২০-২১ হিসাব বছরের লভ্যাংশ হিসেবে বোনাস ঘোষণা করে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি।
২০২০-২১ হিসাব বছরের জন্য ডমিনেজ স্টিলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির ১৫তম এজিএমে ঘোষিত লভ্যাংশে অনুমোদনও দেন শেয়ারহোল্ডাররা। সম্প্রতি এসইসি কোম্পানির আবেদন নাকচ করে দেয়।
২০২০ সালে তালিকাভুক্ত হওয়া ডমিনেজ স্টিলের আইপিও অনুমোদনে পরবর্তী তিন বছর বোনাস ঘোষণা করতে পারবে না, এমন শর্ত দিয়েছিল এসইসি। কিন্তু আইপিও অনুমোদনের প্রথম বছরেই কোম্পানিটি নগদের পাশাপাশি বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এখন বোনাস লভ্যাংশ প্রত্যাখ্যাত হওয়ায় কোম্পানির শেয়ারহোল্ডাররা শুধুমাত্র ৫ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন।
