কমলগঞ্জে চা বাগান থেকে বিপন্ন বনরুই উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৭ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগান এলাকা থেকে অক্ষত অবস্থায় বিপন্ন প্রাণী বনরুই উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ (সিইউ) টিম ও সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে এ বনরুই উদ্ধার করা হয়।

বনরুইটি উদ্ধারের পর লাউয়াছড়ার জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার বনরুইটি ফুলবাড়ি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ি ছড়ায় এসেছিল। সেখানে লোকজন বনরুইটিকে অসুস্থ ভেবে বাগানের শ্রমিক চন্দন বাউড়ির ছেলে বুধা বাউড়ি তার বাড়িতে নিয়ে রাখে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা খবর পেয়ে আমাদের টিমকে নিয়ে পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, বন বিভাগের লোকজনকে দেখে ভয় পেয়ে বাগানের মানুষেরা প্রাণীটিকে কিছু করতে না পারে সে জন্য বুধবার আমরা প্রথমে ক্রেতা সেজে প্রাণীটির সন্ধান করি। পরে বন বিভাগকে জানালে তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বনরুইটি উদ্ধার করেন। যারা এটি আটকে রেখেছিল তাদের উদ্দেশ্যও খারাপ ছিল না।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বনরুইটি মোটামুটি সুস্থ রয়েছে। কিছুদিন পর্যবেক্ষণে রেখে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত